নতুন সদস্যদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৪ | ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ – চট্টগ্রাম ডিভিশন
ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ, চট্টগ্রাম ডিভিশন, নতুন সদস্যদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৪ আয়োজন করে বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪। প্রোগ্রামে নবাগত সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তাদের পরিচয় করানো হয়।
প্রোগ্রামের শুরুতে সদস্য কমিটি সদস্য এবং সাধারণ সদস্যরা নবাগতদের অভিনন্দন জানিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা, যারা নবাগতদের সঙ্গে আন্তরিকভাবে পরিচয় বিনিময় করেন এবং তাদের ক্লাবের ভবিষ্যত কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
প্রোগ্রামের অন্যতম আকর্ষণ ছিল বেস্ট লিডার পুরস্কার। গত চার মাসের অসাধারণ পারফরম্যান্স ও অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত হন মুমতাহিন মায়াজ। তার হাতে পুরস্কার তুলে দেন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ-চট্টগ্রাম ডিভিশনের মেন্টর হাসান মোঃ জাকিউল্লাহ অনি এবং কো-অর্ডিনেটর পূজা চক্রবর্তী। এছাড়া, পুরাতন লিডারদের অবদানকে স্বীকৃতি জানিয়ে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করা হয়, যা তাদের কাজের প্রতি উৎসাহ ও প্রেরণা যোগায়।
নতুন লিডার ব্যাচ ঘোষণা এবং নবাগতদের স্বাগত জানিয়ে কেক কেটে পুরো অনুষ্ঠান আরও আনন্দঘন করা হয়। প্রোগ্রামের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় আবেগঘন বিদায়, যেখানে ক্লাবের সাবেক জয়েন্ট কো-অর্ডিনেটর ঐন্দ্রিলা কানুংগো কে তাদের অসামান্য অবদান, আত্মত্যাগ এবং দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম নবাগত সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাদের ক্লাবের উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করেছে। প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই প্রোগ্রাম চট্টগ্রাম ডিভিশনের নবীন ও যুব নেতৃত্ব বিকাশে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
Leave a Comment